স্কালোনিকে আর্জেন্টিনা সমর্থকের আকুতি, ‘আমাদের ছেড়ে যাবেন না’


 


আর্জেন্টিনার ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম লিওনেল স্কালোনি। গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচ সম্প্রতি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন। তাতেই সমর্থকদের মনে শঙ্কার মেঘ দানা বাঁধতে শুরু করে। অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে কি সত্যিই মেসি–মার্তিনেজদের ছেড়ে চলে যাচ্ছেন স্কালোনি?


স্কালোনি থেকে যাবেন নাকি চলে যাবেন—এ সিদ্ধান্ত তাঁর নিজের। কিন্তু আর্জেন্টিনার মানুষ বিশ্বকাপজয়ী কোচকে কিছুতেই যে ছাড়তে রাজি নয়, সেটার একটা ছোটখাটো জরিপ পাওয়া গেছে অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে।

বর্তমানে পরিবারের সঙ্গে নিজ এলাকা আর্জেন্টিনার পুহাতোয় আছেন স্কালোনি। আরও কিছুদিন দেশে থাকার পর স্পেনে যাবেন তিনি। তা স্কালোনি যখন নিজ এলাকাতেই আছেন, তাঁর সঙ্গে দেখা করার সুযোগ কেন হাতছাড়া করবেন প্রতিবেশীরা!


তেমনি এক প্রতিবেশী আরা কারাসকো, গত পরশু যিনি স্কালোনির শৈশবের ক্লাব স্পোর্তিভো মাতিয়েনজোর জার্সি পরে তাঁর সঙ্গে দেখা করেছেন। মুহূর্তটা ক্যামেরায় ধারণও করেছেন কারাসকো। পরে টিকটকে সেই ভিডিও আপলোড করেছেন।


ভিডিওতে কারাসকোকে বলতে শোনা যায়, ‘লিও (স্কালোনি), আমি আপনাকে কিছু বলতে চাই। যে কথা ৪ কোটি আর্জেন্টাইনও বলতে চায়, আমাদের ছেড়ে যাবেন না।’


এ সময় লাজুক দৃষ্টিতে কারাসকোর ফোনের দিকে তাকিয়ে ছিলেন স্কালোনি এবং হাসতে হাসতে বলে ওঠেন, ‘কথাটা মন্দ বলোনি।’ এরপর কারাসকো বলতে থাকেন, ‘তাঁর (স্কালোনি) ছেলে কম্পিউটারে গেম খেলছিল। তিনি ছেলের খেলা দেখা নিয়ে ব্যস্ত ছিলেন। তবে তিনি আমার কথাকে ভালো বলেছেন।’


স্কালোনির প্রতি প্রতিবেশী কারাসকোর এই আকুতি নিয়ে প্রতিবেদন করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন। সংবাদমাধ্যমটি বলছে, স্কালোনির ছোট্ট কথাটি সমর্থকদের ভবিষ্যতের জন্য আশাবাদী করে তুলতে পারে। কারাসকোর টিকটক ভিডিওতেও যাঁরা মন্তব্য করেছেন, তাঁদের প্রায় সবাই স্কালোনিকে আর্জেন্টিনার দায়িত্ব না ছাড়ার অনুরোধ জানিয়েছেন।

Comments